পিআর নাকি প্রচলিত ভোট,সরকার নয় দলগুলোকেই ঠিক করতে হবে: প্রেস সচিব।
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পিআর পদ্ধতি কিংবা প্রচলিত নিয়মে ভোটগ্রহণ—এ সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ওপরই নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষায়, এই বিষয়ে সরকার বেশি মন্তব্য করাই সমীচীন নয়।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’ তাদের সাম্প্রতিক জরিপের ফলাফল তুলে ধরে।
জরিপ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, জনগণের আস্থার প্রতিফলন পরিসংখ্যানেই স্পষ্ট। ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছে, যা প্রমাণ করে আগামী নির্বাচন হবে সর্বসমেত অংশগ্রহণমূলক। তার দাবি, বাংলাদেশের কোনো শক্তিই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। যখন সবাই ভোট দিতে যাবে, তখন ভোট অনিবার্যভাবেই ভালো হবে।
জরিপের তথ্য অনুযায়ী, দেশের মোট ১০ হাজার ৪১৩ জন অংশগ্রহণকারীর মধ্যে ৬৯.৯ শতাংশ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারই নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সবচেয়ে উপযুক্ত। অন্যদিকে, ২১.৮ শতাংশ উত্তরদাতা পিআর সিস্টেম সমর্থন করেছেন, ২২.২ শতাংশ বিরোধিতা করেছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ৫৬ শতাংশই এখনো এই পদ্ধতি সম্পর্কে অবগত নন।
এছাড়া জরিপে দেখা গেছে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে ইতিবাচক মনোভাব তুলনামূলকভাবে কম।

মতামত দিন