আসন্ন দুর্গাপূজা সামনে রেখে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা।
দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করবেন। রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, তাই নিরাপত্তা নিশ্চিত করতে এবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় উপদেষ্টা আরও জানান, দেশে প্রতিমা ভাঙচুরের ঘটনা এবার তুলনামূলকভাবে কমেছে। যেসব এলাকায় এরকম ঘটনা ঘটেছে, সেগুলো ইতিমধ্যে সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত হচ্ছে।
মাদক চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন সীমান্ত ও নৌরুট দিয়ে মাদক আসছে। কক্সবাজার–চট্টগ্রাম ছাড়াও বরিশাল ও বরগুনার সমুদ্রপথেও একই প্রবণতা দেখা যাচ্ছে। এর বিপরীতে চাল, সার ও ওষুধ বাইরে চলে যাচ্ছে। সম্প্রতি প্রচুর মাদক জব্দ হওয়ায় বাজারে এর দামও বেড়েছে।
কৃষি খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে কৃষকেরা আলুর সঠিক দাম পাচ্ছেন না। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তবে আগামী মৌসুমে আলু চাষে তারা আগ্রহ হারাতে পারেন। তখন বাজারে আলুর দাম বেড়ে যাওয়ার শঙ্কা থাকবে।
মতামত দিন