রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুশ কর্মীর মরদেহ উদ্ধার।
ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করা এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জিগাতলা এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে।
নিহতের নাম কারপোভ ক্রিল, বয়স ২৬ বছর। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ফ্ল্যাট থেকে কোনো শব্দ না পাওয়ায় কোম্পানির সিকিউরিটি অফিসার দোভাষী আনোয়ারুল ইসলাম ও একই ফ্ল্যাটে থাকা আরেক রাশিয়ান নাগরিক ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। তখন ক্রিলকে বিছানার ওপর উপুড় অবস্থায় পড়া দেখেন। পরে রাশিয়ার চিকিৎসক মিখাইল তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, কারপোভ ক্রিল জিগাতলা এলাকার চিকিৎসক আনোয়ার হোসেনের বাড়ির পঞ্চম তলায় একা থাকতেন। শনিবার রাতের দিকে তার পরিবারের সদস্যরা রাশিয়া থেকে মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া পাননি। পরে তারা বিষয়টি কোম্পানির সিকিউরিটি অফিসারকে জানান।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ক্রিল স্ট্রোক করে মারা গেছেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্টের পরে জানা যাবে।

মতামত দিন