জাতীয়
ছবি: সংগৃহীত

খুলনায় উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনার মুজগুন্নি এলাকায় বাস্তুহারা কলোনি উচ্ছেদ করতে গিয়ে রোববার (২১ সেপ্টেম্বর) সকালেই বড় ধরনের উত্তেজনা দেখা দেয়। পুলিশ ও স্থানীয়দের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন।

আহতদের তালিকায় রয়েছেন পুলিশ সদস্য, সাধারণ মানুষ ও সাংবাদিক।

প্রশাসনের তথ্য অনুযায়ী, এই কলোনির প্রায় দুই একর জমিতে দীর্ঘদিন ধরে বসতি গড়ে তুলেছে দুই শতাধিক পরিবার। অথচ ১৯৮৭ সালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ওই জমি ৪২ জনকে প্লট আকারে বরাদ্দ দিয়েছিল। জমি বুঝিয়ে দিতে গিয়েই অভিযান পরিচালনা করা হয়।

সকালে বুলডোজার নিয়ে উচ্ছেদ শুরু হলে এলাকাবাসী টায়ার জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড দেন। পুলিশ এগোতে গেলে শুরু হয় লাঠিচার্জ ও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ছোড়ে, অন্যদিকে স্থানীয়রা একটি বুলডোজার ভাঙচুর করে।

বাসিন্দারা দাবি করছেন, পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া তাদের উচ্ছেদ করা অন্যায়। তাদের ভাষ্য—“এখানে আমরা কয়েক দশক ধরে বাস করি। হঠাৎ করে উচ্ছেদের ঘোষণা দিয়ে সবাইকে রাস্তায় ফেলে দেওয়ার চেষ্টা চলছে।”

অভিযানে অংশ নেওয়া খালিশপুর থানার ওসি মীরা তাহার আলী বলেন, “জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদে সহযোগিতা করছিলাম। কিন্তু বাসিন্দারা সংগঠিত হয়ে হামলা চালায়। এতে আমার সঙ্গে ১৪ জন পুলিশ আহত হয়।”

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযানে বিরতি দেওয়া হয়। আপাতত জেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম স্থগিত রয়েছে।

মতামত দিন