শ্রমিকদের বেতন নিশ্চিতে সম্পত্তি বিক্রির উদ্যোগ নিল নাসা গ্রুপ।
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার শ্রমিক–কর্মচারীদের বকেয়া বেতন ও ভাতা দ্রুত পরিশোধের লক্ষ্যে প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রির খসড়া পাওয়ার অব অ্যাটর্নিতে সই করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চেয়ারম্যানের স্বাক্ষরের মাধ্যমে নির্দিষ্ট সম্পত্তি বিক্রির প্রক্রিয়া শুরু হওয়ায় শ্রমিকদের চলতি মাসের বেতন প্রদানের পথ সহজ হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সম্পদ বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে রয়েছে—গুলশান ৭ নম্বর সড়কের একটি প্লট, আশুলিয়ার তৈয়বপুর এলাকায় অবস্থিত সাততলা ভবন ও পাঁচ বিঘা জমি (মোট আয়তন দুই লাখ ছয় বর্গফুট), নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় দশ বিঘা জমি, রাজউকের একটি প্লট এবং প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার।
নাসা গ্রুপ কর্তৃপক্ষ জানায়, দ্রুত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এসব সম্পত্তি বিক্রি করা হবে। এরপর প্রাপ্ত অর্থ থেকে শ্রমিকদের বেতন ও ভাতা দেওয়া হবে।
এ সংক্রান্ত তথ্য গণমাধ্যমে পাঠিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক।

মতামত দিন