জাতীয়
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা কততম?

নিজেস্ব প্রতিবেদক:

জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কারণে বিশ্বের বড় শহরগুলো ক্রমেই দূষিত হয়ে উঠছে। সেই তালিকা থেকে বাদ পড়েনি ঢাকা।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৫৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। এ মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত।

একই সময়ের পরিসংখ্যানে দেখা যায়, ২৬৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে কুয়েত সিটি। দ্বিতীয় স্থানে থাকা কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৭৪, আর তৃতীয় স্থানে থাকা উগান্ডার কামপালার স্কোর ছিল ১৬১। তালিকার পঞ্চম স্থানে ভারতের কলকাতা, যার স্কোর ১৪৫।

একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স মূলত বাতাসে দূষণের মাত্রা পরিমাপ করে মানুষকে সতর্ক করে। শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ এবং ১৫১ থেকে ২০০ সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর যদি ২০১ থেকে ৩০০ হয়, তবে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়।

ঢাকার বায়ুদূষণের বড় তিন উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণসাইটের ধুলা—২০১৯ সালে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, বায়ুদূষণের কারণে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়। এর ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের নানা জটিলতা বাড়ছে। শিশু, বয়স্ক, অসুস্থ ও অন্তঃসত্ত্বাদের জন্য এ ঝুঁকি আরও বেশি।

মতামত দিন