‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর খেতাব অর্জন করেছেন পুনরায় মিথিলা।
মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা পুনরায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর খেতাব অর্জন করেছেন। এটি তার দ্বিতীয়বারের বিজয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত অনুষ্ঠানে মিথিলার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা ও মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।
বিজয়ী হওয়ার পর মিথিলা বলেন, “আমার এই সাফল্য আমার মায়ের জন্য। তিনি সবসময় আমার অনুপ্রেরণা ও শক্তি হয়ে রয়েছেন। এই অর্জন শুধুই আমার নয়, তারও।”
এবারের সাফল্যের পর মিথিলা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন চলতি বছরের নভেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককের ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ার বিষয়ে তিনি জানান, দেশের মান, সম্মান ও গৌরব বজায় রাখতে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।
উল্লেখ্য, মিথিলা প্রথমবারের মতো ২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব জিতেছিলেন। তবে করোনা পরিস্থিতির কারণে সে বছর তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেতে পারেননি।

মতামত দিন