বর্ষায় দেড় মাস ধরে পানির নিচে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পর্যটন ব্যবসায় ধস।
রাঙ্গামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুটি দীর্ঘদিন ধরে পানিতে নিমজ্জিত। প্রায় দেড় মাস ধরে সেতুর ওপর প্রবাহিত পানির কারণে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
পর্যটন কর্পোরেশনের তথ্যমতে, সেতুটি বর্তমানে প্রায় সাড়ে তিন ফুট পানির নিচে রয়েছে। ১৯৮৬ সালে নির্মিত ৩৩৫ ফুট দৈর্ঘ্যের এই সেতুটি বর্ষা এলেই কয়েক মাস ডুবে থাকে। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
স্থানীয় হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল উদ্দিন জানান, সেতুতে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় ব্যবসা অন্তত অর্ধেকে নেমে এসেছে।
পর্যটক মো. মোমিন বলেন, পরিবার নিয়ে সেতু দেখতে আসলেও পানির নিচে ডুবে থাকতে দেখে হতাশ হয়ে ফিরতে হয়েছে।
পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, বিকল্প হিসেবে আধুনিক সেতু নির্মাণের প্রস্তাব পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে দেওয়া হয়েছে।
একই দাবি জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তিনি আশা করেন, প্রস্তাব অনুমোদিত হলে নতুন সেতু স্থানীয় পর্যটন শিল্পে প্রাণ ফিরিয়ে আনবে।
মতামত দিন