জাতীয়
ছবি: সংগৃহীত

ভুলে মায়ের পাসপোর্ট নিয়ে উড়াল দিল জেদ্দায়,ইমিগ্রেশনে বিপাকে বিমান পাইলট।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবের জেদ্দায় পৌঁছে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলট। নিজের পাসপোর্টের বদলে ভুল করে তিনি সঙ্গে নিয়েছিলেন তার মায়ের পাসপোর্ট।

বিমান সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালিয়ে জেদ্দায়  অবতরণের পর ইমিগ্রেশনে কাগজপত্র যাচাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে। সংশ্লিষ্ট পাইলট হলেন ক্যাপ্টেন মুনতাসির।

ইমিগ্রেশনে আটক হওয়ার পর বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে তাকে সাময়িকভাবে হোটেলে থাকতে দেওয়া হয়। এ সময় স্থানীয় কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদও করেন।

পরদিন বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিমানের কর্মকর্তারা হস্তক্ষেপ করলে ক্যাপ্টেন মুনতাসিরকে মুক্তি দেওয়া হয়। সন্ধ্যার ফ্লাইটে ঢাকা থেকে তার আসল পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, নিজের পাসপোর্টের জায়গায় মায়ের পাসপোর্ট সঙ্গে নেওয়ার কারণে জেদ্দা ইমিগ্রেশনে সমস্যা তৈরি হয়। পরে জেদ্দা স্টেশন ম্যানেজারের জিম্মায় তাকে ছাড়িয়ে আনা হয় এবং আপাতত তিনি হোটেলে অবস্থান করছেন।

মতামত দিন