আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন প্রধান উপদেষ্টা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ২৬ সেপ্টেম্বর তিনি ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, এবারের সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও চার রাজনৈতিক নেতাও যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন এবং হুমায়ুন কবির।
তিনি জানান, রোহিঙ্গা সংকট সমাধানে এবারই প্রথমবার জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বৈঠক থেকে কার্যকর সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী শান্তি নিয়ে আলাপও হতে পারে। দেশের স্বার্থে প্রধান উপদেষ্টা এসব আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেবেন বলে উল্লেখ করেন তিনি।
তৌহিদ হোসেন আরও জানান, বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে তিনি নিজেও উপস্থিত থাকবেন। আর বিদেশ সফরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে হামলার প্রসঙ্গে তিনি বলেন, আসলে গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। পশ্চিমা দেশে মিছিল বা স্লোগান ঠেকানোর প্রথা নেই, তবে পরিস্থিতি অরাজক হওয়ার আশঙ্কাও নেই।

মতামত দিন