দুবাই বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবাহিনীর ফ্লাইট স্থগিত, ১৭৮ যাত্রী আটকা।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করতে না পারায় স্থগিত রাখা হয়েছে। এতে বিমানবন্দরে আটকা পড়েছেন ১৭৮ যাত্রী।
বিমান বাংলাদেশ দুবাই স্টেশনের ম্যানেজার জাহিদুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনের সময় বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নিরাপত্তার কারণে বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় আটকা যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে রাখা হয়েছে। বাকি তিনজনকে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। বিমান কর্তৃপক্ষ তাদের খাবারেরও ব্যবস্থা করেছে।
জাহিদুল ইসলাম আরও জানিয়েছেন, বুধবার রাতে ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছালে ত্রুটি মেরামত করা হবে। এরপর বিমানটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশে রাতেই যাত্রা শুরু করবে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৮ মডেলের বিজি-২৪৮ ফ্লাইটটি মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।
ম্যানেজারের মতে, রাত দেড়টার দিকে প্রয়োজনীয় মেরামত শেষে বিমানটি নিরাপদে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারবে।
মতামত দিন