দুর্গাপূজায় দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ টানা কত দিনের ছুটি পেতে যাচ্ছে?
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে বিরল সুযোগ। দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে।
শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার মতো ধর্মীয় উৎসব উপলক্ষে ছুটি নির্ধারিত আছে। তবে তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় কার্যত শিক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বর থেকে টানা ছুটি ভোগ করবে।
এবারের ছুটির তালিকায় ২ অক্টোবর বিজয়া দশমী, ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম, ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা উল্লেখ রয়েছে। যদিও লক্ষ্মীপূজা ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত, তবে অধিকাংশ প্রতিষ্ঠানে তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) সর্বশেষ প্রজ্ঞাপনে জানিয়েছে, অনুমোদিত ছুটির তালিকা মেনেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলবে। এর ফলে শিক্ষার্থীদের জন্য এবারের দুর্গাপূজা পরিণত হচ্ছে দীর্ঘ বিরতিতে।
অন্যদিকে সরকারি দপ্তরগুলোও ছুটির আমেজে থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির সঙ্গে ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে কর্মকর্তারাও পাবেন টানা চার দিনের বিরতি।

মতামত দিন