জাতীয়
ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীর সাতরাস্তা অবরোধ।

নিজেস্ব প্রতিবেদক:

কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের প্রতিবাদ ও প্রকৌশল কর্মক্ষেত্র সুরক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন কারিগরি শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ করেন তারা।

এতে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। এর ফলে প্রকৌশল পেশায় প্রবেশের পথ সংকুচিত হচ্ছে এবং চাকরি ও উচ্চশিক্ষায় বৈষম্যের শিকার হচ্ছেন তারা।

শিক্ষার্থীদের উত্থাপিত প্রধান ছয় দফা দাবির মধ্যে রয়েছে—

  • জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করে তাদের পদবি পরিবর্তন ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা।

  • ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।

  • ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল, উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম প্রবর্তন এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালু।

  • উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগ রোধে আইনগত ব্যবস্থা।

  • কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বন্ধ করা এবং এসব পদে কেবল কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করা।

  • সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

এছাড়াও শিক্ষার্থীরা স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের দাবি তুলেছেন।

তারা আরও দাবি করেন, উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ের নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস চালু করে ডুয়েটের আওতায় একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে, যাতে শতভাগ আসনে ভর্তি নিশ্চিত হয়।

মতামত দিন