ঢাকা মেডিকেলে জন্মানো যমজ ৬ শিশুর মধ্যে ৫ শিশুর মৃত্যু।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া যমজ ছয় শিশুর মধ্যে পাঁচজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে মাত্র এক মেয়ে শিশু।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকামেডিকেলের এনআইসিইউতে দুই নবজাতক আর দুপুরে এক নবজাতক মারা যায়। এছাড়া রোববার রাতে এক বেসরকারি হাসপাতালের নবজাতক ও বিকেলে ঢাকা মেডিকেলে এক শিশু মারা যায়।
শিশুদের মা নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া (২৩)। প্রিয়ার গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল এবং স্থানীয়ভাবে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। আল্ট্রাসনোগ্রাফিতে জানা যায়, তার গর্ভে এক বা দুটি নয়, মোট ছয়টি সন্তান রয়েছে।
ফারজানা আক্তার, প্রিয়ার ননদ, নিশ্চিত করেছেন যে ৬ নবজাতকের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউতে রাখা হয় এবং বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা গেছেন। বর্তমানে এক মেয়ে শিশু বেসরকারি হাসপাতালে ভর্তি আছে, কিন্তু তার অবস্থাও স্থিতিশীল নয়।
শিশুদের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মা প্রিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
ডা. নিলুফার ইয়াসমিন, ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার, জানান, সকাল ৯টার দিকে প্রিয়া স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দিয়েছেন। নবজাতকরা অপরিপক্ব ছিল এবং ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে ছিল।

মতামত দিন