সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে সতর্কবার্তা দিয়েছে বিজিবি।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশ রোধে বিশেষ পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, এক অসাধু চক্র অবৈধ আগ্নেয়াস্ত্র দেশের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত তিন মাসে বিজিবির বিভিন্ন অভিযানে বেশ কিছু দেশি-বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য ধরনের অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১ হাজার ৩ রাউন্ড গোলাবারুদ।
শরীফুল ইসলাম আরও জানিয়েছেন, সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশ আটকাতে বিজিবি গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও বৃদ্ধি করেছে। তিনি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য একটি টোল ফ্রি নম্বরও শেয়ার করেছেন।
তিনি বলেন, যে কোনো তথ্য দিয়ে এই অভিযানকে সহায়তা করতে চাইলে ০১৭৬৯৬০০৫৫৫ নম্বরে যোগাযোগ করতে পারেন। বিজিবি আশা করছে, জনসাধারণের সহযোগিতায় অবৈধ অস্ত্র প্রবেশের চেষ্টা আরও কার্যকরভাবে রোধ করা সম্ভব হবে।
মতামত দিন