জাতীয়
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটি আসছে।

নিজেস্ব প্রতিবেদক:

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছে, যা সরকারি কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ। দেশে বর্তমানে এই ধরনের কোনো নিয়ম নেই, যদিও বেসরকারি প্রতিষ্ঠান যেমন আড়ং, ব্র্যাক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কিছু সময় ধরে এটি চালু করেছে।


বিশ্বব্যাপী বর্তমানে ৭৮টি দেশে পিতৃত্বকালীন ছুটি প্রচলিত। সাধারণত নবজাতকের জন্মের পর প্রথম দুই মাসে মায়ের শারীরিক অবস্থা নাজুক থাকে। এই সময় পিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের বিদ্যমান আইনে এই বিধান না থাকায় বাবারা সন্তানের পরিচর্যা এবং স্ত্রীর সহায়তা দিতে পারছেন না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রায় ৯০ শতাংশ সরকারি চাকরিজীবী বাবাকে অসুস্থ স্ত্রী-সন্তানকে হাসপাতালে রেখে অফিস করতে হয়। ফলে নবজাতকের যত্ন নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই কারণে পিতৃত্বকালীন ছুটির দাবিও ক্রমশ জোরদার হচ্ছে।

সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, ভারতে বাবারা সাধারণত ১০ দিনের ছুটি পান, পাকিস্তানে এক মাস এবং ভুটান ও শ্রীলঙ্কায় ১০ দিন। স্পেনে এই ছুটি ১২ সপ্তাহ পর্যন্ত দেওয়া হয়। সিঙ্গাপুরে এই সুবিধা অ-ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশে একই নিয়ম চালু হলে চাকরিজীবী বাবা মানসিকভাবে স্বচ্ছন্দ থেকে কাজে মনোযোগী হতে পারবেন, একই সঙ্গে নবজাতকের মা মানসিক প্রশান্তি পাবেন এবং পরিবারে দৃঢ় বন্ধন গড়ে উঠবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব করেছে, বাংলাদেশ সার্ভিস রুলস (পার্ট-১)-এর রুলস ১৯৭ সংশোধন করে সবেতনে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি প্রদানের। প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছে এই প্রস্তাব।


মতামত দিন