তিস্তা নদীতে পানি বৃদ্ধি বন্যা আশঙ্কায় চরাঞ্চল,খুলে দেওয়া হয়েছে ৪৪টি জলকপাট।
উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির কারণে লালমনিরহাটের হাতীবান্ধা এলাকায় তিস্তা নদীর পানি আবারও বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৪ মিটার, যা বিপৎসীমার মাত্র এক সেন্টিমিটার নিচে।
স্থানীয়রা জানান, হঠাৎ বাড়তে থাকা পানির কারণে তিস্তার চরাঞ্চল ও নিম্নভূমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধানের জমি তলিয়ে গেছে। ফলে নদীর দুই পাড়ের মানুষ এখন বন্যা ও ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই আশঙ্কা করছেন, পানির প্রবাহ অব্যাহত থাকলে হাতীবান্ধার ছয়টি ইউনিয়নের অন্তত ৮–১০টি চর এলাকায় পানি ঢুকে পড়তে পারে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানির চাপ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবগুলো ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
এদিকে ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম বলেন, সকাল থেকে পানির ওঠানামা চললেও প্রবল স্রোতের কারণে নিম্নাঞ্চল ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয় বাসিন্দারা সতর্ক থাকতে বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে।

মতামত দিন