আদালতের শোকজের মুখে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে তাকে।
এ নোটিশের বিষয়টি প্রথমে নিশ্চিত করেন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এ আদেশ জারি করেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) নোটিশটি ডিসির হাতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, প্রতিষ্ঠানটির দুই শিক্ষক—আবেদা হক ও রোকন উদ্দিন—নিজ উদ্যোগে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন এবং সহকর্মীদের অভিনন্দন জানাতে বাধ্য করেন বলে অভিযোগ উঠে। এছাড়া, ওয়েবসাইটে পদবি পরিবর্তন এবং স্থানীয় পত্রিকায় সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যা প্রতিষ্ঠানের নিয়ম-নীতির পরিপন্থী বলে আদালত উল্লেখ করে।
রোববার রাতে প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, শোকজের বিষয়ে তিনি শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আদেশপত্র হাতে পাননি।
এদিকে, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানটিতে একজনকে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হলেও, কিছু শিক্ষক নিজেরাই প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। এর জের ধরেই এ মামলা ও শোকজের সূত্রপাত।

মতামত দিন