খাল দখলে দুর্ভোগে নগরবাসী, অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ রাজধানী।
সকালের এক ফোঁটা বৃষ্টিতেই তলিয়ে গেল রাজধানীর নানা সড়ক। কোথাও কোথাও পানি নেমে গেল কয়েক ঘণ্টার মধ্যে, আবার অনেক এলাকায় জলাবদ্ধতা চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়ে ভোগান্তিতে পড়েছেন পথচারী আর যাত্রীরা।
মিরপুরের কালশি সড়ক যেন একেবারেই নদীতে পরিণত হয়। হাঁটুপানি ভরা রাস্তায় শিশুরা যেমন উল্লাসে মেতে ওঠে, তেমনি ভোগান্তির শিকার হতে হয় কর্মজীবী মানুষকে। যানবাহন বিকল হয়ে পড়ে মাঝপথে, গন্তব্যে যেতে বাধ্য হয়ে বিকল্প পথ খুঁজছেন অনেকে।
দশম শ্রেণীর শিক্ষার্থী আরিবা স্কুল থেকে ফেরার পথে এমন দুর্ভোগের শিকার হন। স্বজনের সঙ্গে ফিরছিলেন, কিন্তু পানিবন্দি রাস্তায় উপায়ান্তর না দেখে ঘুরপথ খুঁজতে হয় তাদের।
কালশি সড়কে পানি জমার বড় কারণ পাশের খালের দখল। খালের জায়গা দখল হয়ে যাওয়ায় কোথাও সংকুচিত হয়েছে পানির প্রবাহ, আবার কোথাও বর্জ্য আটকে দিচ্ছে স্বাভাবিক প্রবাহ।
নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশন বারবার প্রতিশ্রুতি দিলেও খাল দখলমুক্ত করার কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে অল্প বৃষ্টি হলেই রাজধানীর সড়ক ডুবে যাচ্ছে, দুর্ভোগ পিছু ছাড়ছে না।
এদিন উত্তরা, শান্তিনগর, শ্যাওড়াপাড়া, কাজীপাড়া, নিউমার্কেটসহ বহু এলাকায় একই চিত্রের জলাবদ্ধতা দেখা যায়।
মতামত দিন