সীমানা পরিবর্তনের প্রতিবাদে ফরিদপুরে সড়ক-রেল অবরোধ, ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।
ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় জনপদে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে এই দুই ইউনিয়নের মানুষ সড়ক ও রেলপথ একযোগে অবরোধ করে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে ভাঙ্গা উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সম্মিলিতভাবে এ কর্মসূচি ঘোষণা করেছিল।
আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া জানান, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে সীমানা পুনর্বিন্যাসের নামে সম্পূর্ণ অযৌক্তিকভাবে আলগী ও হামিরদী ইউনিয়নকে ভাঙ্গা থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। তিনি অভিযোগ করেন, এ সিদ্ধান্ত স্থানীয় মানুষের স্বার্থের পরিপন্থী এবং অগণতান্ত্রিক।
তিনি আরও বলেন, ভৌগোলিকভাবে নগরকান্দা ও সালথা উপজেলা ভাঙ্গা থেকে অনেক দূরে এবং দুই এলাকার সঙ্গে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বা যোগাযোগ—কোনো ক্ষেত্রেই সম্পর্ক নেই। ফলে যাচাই-বাছাই ছাড়া নেওয়া এ সিদ্ধান্ত দুই ইউনিয়নের জনগণের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন না করলে আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া তাদের কোনো পথ থাকবে না। তিনি আহ্বান জানান, এ অঞ্চলের মানুষের দাবি যথাযথভাবে উপলব্ধি করে কমিশনকে অবিলম্বে সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
অবরোধ কর্মসূচি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে তিন দিনব্যাপী। ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি, মুনসুরাবাদ, পুলিয়া ও ভাঙ্গা হাসপাতাল গেটসহ ফরিদপুর-বরিশাল মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এবং পুখুরিয়া রেলক্রসিংয়ে অবস্থান নেবে আন্দোলনকারীরা। কর্মসূচি শেষে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি এবং পরবর্তীতে কমিশনের সামনে মানববন্ধনের পরিকল্পনাও রয়েছে।

মতামত দিন