কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফাইনাল মাঠে চরম বিশৃঙ্খলা, স্থগিত ম্যাচ।
কক্সবাজারে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে বড় ধরনের অরাজকতা দেখা দিয়েছে। অতিরিক্ত টিকিট বিক্রি ও ভিড় সামলাতে না পারায় দর্শক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রামু ও টেকনাফ উপজেলা একাদশের ম্যাচকে ঘিরে সকাল থেকেই দর্শকদের ভিড় জমে। শুরুতে ৫০ টাকায় টিকিট বিক্রি হলেও চাহিদা বাড়তে থাকায় দাম বাড়ানো হয়। অভিযোগ উঠেছে, ৫ হাজার দর্শক ধারণক্ষমতার বিপরীতে প্রায় ৩০ হাজার টিকিট বিক্রি করেছে আয়োজকরা।
গ্যালারি ভরে যাওয়ার পরও আরও দর্শক প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর আড়াইটার দিকে গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে হাজারো দর্শক। পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত বিকেল ৫টার পর আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ চালিয়ে স্টেডিয়াম খালি করে।
তবে বাইরে থাকা দর্শকরা একযোগে হামলা চালিয়ে গ্যালারি, মাঠ ও প্রেস বক্সে ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বিশৃঙ্খলার কারণে নির্ধারিত ফাইনাল খেলা স্থগিত ঘোষণা করা হয়।

মতামত দিন