জাতীয়
ছবি: সংগৃহীত

৫০ ঘণ্টা ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ শিক্ষার্থী আমরণ অনশনে,অসুস্থ হয়ে হাসপাতালে ৩।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ জন শিক্ষার্থী প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার সময় অনশন শুরু হওয়ার পর মোট ৫০ ঘণ্টা পেরিয়েছে।

অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা স্যালাইন সংযুক্ত অবস্থায় অনশন চালিয়ে যাচ্ছেন।

অনশনরত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—বাংলা বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ওমর সমুদ্র, স্পোর্টস সায়েন্সের রাম্রা সাইন মারমা, ইংরেজি বিভাগের মুগ্ধ এবং নাইম শাহ জান, বাংলা বিভাগের ধ্রুব বড়ুয়া, মার্কেটিং বিভাগের সুমাইয়া শিকদার, সংগীত বিভাগের ঈশা দে এবং বাংলা বিভাগের সুদর্শন চাকমা।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ের সামনে ‘অধিকার সচেতন শিক্ষার্থী’ ব্যানার নিয়ে তারা অনশন শুরু করেন। প্রশাসন বৃহস্পতিবার শিক্ষার্থীদের অনশন ভেঙ্গে আগামী রোববার আলোচনা করার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। তাদের বক্তব্য, পূর্বে একই দাবিতে কর্মসূচি হলেও প্রশাসন তা আমলে নেয়নি। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—সংঘর্ষে আহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ এবং স্বাস্থ্যকর চিকিৎসা নিশ্চিত করা; নিরাপত্তাহীন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত ভ্রাম্যমাণ আবাসনের ব্যবস্থা; আবাসনচ্যুত শিক্ষার্থীদের মালামাল উদ্ধারে কার্যকর উদ্যোগ; বিশেষভাবে চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা; সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার করা এবং নিরাপরাধ এলাকাবাসীর হয়রানি বন্ধ করা; দ্বন্দ্ব নিরসনের জন্য উভয়পক্ষের অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন ও নিয়মিত মিটিং; প্রশাসনের ব্যর্থতার স্বীকৃতি ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ।

মতামত দিন