১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে জাতীয় নির্বাচন: প্রেস সচিব।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। যদি ভিন্নমত না থাকে তবে ভিন্ন দল কেন থাকবে? তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের একটি প্রতিশ্রুতি। নির্বাচন বানচালের চেষ্টা কেউ করলে তা সফল হবে না।
তিনি আরও জানান, এ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসও একে ‘ফাউন্ডেশনাল ইলেকশন’ হিসেবে উল্লেখ করেছেন। এর ফলাফল ভবিষ্যতের রাজনীতির দিকনির্দেশনা দেবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সহিংসতা বা অনিয়ম ঠেকাতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
মতামত দিন