৪৮তম বিসিএস (বিশেষ): সহকারী সার্জন ও ডেন্টাল সার্জনের চূড়ান্ত ফল প্রকাশ।
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, প্রার্থীদের মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আবেদনপত্রে প্রদত্ত তথ্য, ডকুমেন্ট, সনদপত্র এবং অঙ্গীকারনামার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্ট এবং প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই করার পরই চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত মনোনয়নে কোনো ভুল-ত্রুটি ধরা পড়লে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের রয়েছে।
ফলাফল অনলাইনে দেখা যাবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের bpsc.teletalk.com.bd এ।

মতামত দিন