কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙনে বিজিবি ক্যাম্প।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর সীমান্তে হঠাৎ পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে ফসলি জমি, বসতবাড়ির পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির একটি ক্যাম্পের বড় অংশ নদীগর্ভে চলে গেছে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উদয়নগর বিওপি আকস্মিকভাবে নদীতে ধসে পড়ে। প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসে মুহূর্তের মধ্যে চৌকির দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন হয়ে যায়। পরে নিরাপত্তার স্বার্থে অবশিষ্ট অংশও পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর আগে আগস্ট মাসেই (১৩-১৫ তারিখে) পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে বেশিরভাগ সরঞ্জাম চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল। ঘটনার পরপরই অস্ত্র, গোলাবারুদ, অফিস নথিপত্র, যানবাহন, গবাদিপশু ও সদস্যদের দ্রুত নৌকা ও স্পিডবোটের মাধ্যমে চরচিলমারী বিওপিতে স্থানান্তর করা হয়। বর্তমানে বিজিবির সব সদস্য এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিরাপদে আছে।
সীমান্ত এলাকা চোরাচালানপ্রবণ হওয়ায় চরচিলমারী বিওপি থেকে বড় ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট ব্যবহার করে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা যাতে ব্যাহত না হয়, সে জন্য বিকল্প স্থানে নতুন বিওপি স্থাপনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতামত দিন