জাতীয়
ছবি: সংগৃহীত

ভিপি প্রার্থী জালাল নির্বাচনের পর জামিনে মুক্ত।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল অবশেষে জামিন পেলেন। রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হকের সঙ্গে থাকতেন। ২৬ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে রুমে ঢুকে চেয়ারের শব্দ করলে রবিউলের ঘুম ভেঙে যায়। তখন দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে জালাল কাঠের চেয়ার দিয়ে রবিউলের মাথায় আঘাত করে এবং পুরোনো টিউবলাইট দিয়ে পুনরায় আঘাত করলে রবিউলের মাথা ও বুকে গুরুতর জখম হয়। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। এরপর জালালকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ২৭ আগস্ট জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে একাধিকবার জামিন আবেদন করেও আদালত তা নামঞ্জুর করেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে শুনানি হয়। শুনানিতে জালালের আইনজীবী রফিকুল ইসলাম (হিমেল) বলেন, তার মক্কেল নির্দোষ, প্রমাণ ছাড়াই হয়রানিমূলকভাবে তাকে জড়ানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আসন্ন বিসিএস পরীক্ষায় অংশ নিতে জালালের সুযোগ পাওয়া জরুরি।

রাষ্ট্রপক্ষে ইসরাত জাহান জামিনের বিরোধিতা করলেও আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখানোর শর্তে জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশনের এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী রফিকুল ইসলাম জানান, জামিননামা ইতোমধ্যে দাখিল করা হয়েছে। অন্য কোনো মামলা না থাকায় আশা করা হচ্ছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জালাল কারামুক্ত হবেন।

মতামত দিন