রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল ডিএমপি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, মিছিল, মানববন্ধন, শোভাযাত্রা, অবস্থান ধর্মঘট ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে।
ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া, বিভিন্ন দাবি-দাওয়া বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে আবারও অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন