জাতীয়
ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে,রাঙ্গামাটিতে চার হাজার পরিবার পানিবন্দি।

নিজেস্ব প্রতিবেদক:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদসংকেতের মাত্রায় বৃদ্ধি পেয়েছে। রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় চার হাজার পরিবার পানিবন্দি অবস্থায় চরম ভোগান্তির মুখে পড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে বাঘাইছড়ি, লংগদু, জুরাছড়ি ও রাঙ্গামাটি সদর এলাকায় পরিস্থিতি চোখে পড়ার মতো ছিল। রাঙ্গামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় তিন হাজার ছয়শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া বাঘাইছড়ি উপজেলার কিছু পরিবারও বিপর্যস্ত অবস্থায় রয়েছে। জুরাছড়ি উপজেলার সড়ক ডুবে থাকলেও মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয়রা জানিয়েছেন, এই মৌসুমে ইতিমধ্যেই তিনবার প্লাবনের মুখোমুখি হতে হয়েছে। এতে বসতঘর ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। তারা দ্রুত হ্রদে পানি কমানোর দাবি তুলেছেন।

উপজেলা প্রশাসন ইতোমধ্যে পানিবন্দি মানুষের জন্য ত্রাণ বিতরণের কাজ শুরু করেছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানিয়েছেন, গত সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জলকপাট ১ ফুট পর্যন্ত উন্মুক্ত করা হয়েছে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। হ্রদের সম্পূর্ণ পানি ধারণ ক্ষমতা ১০৯ মিটার এমএসএল, বর্তমানে পানি স্তর ১০৮.৯০ মিটার এমএসএল।

মতামত দিন