এবার আরও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা।
আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে সারাদেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিমা বিসর্জন নির্ধারিত নিয়মে দিতে হবে। সন্ধ্যা ৭টার মধ্যেই সব বিসর্জন সম্পন্ন করতে হবে এবং ঢাকায় ধারাবাহিকভাবে এক লাইন ধরে বিসর্জন প্রক্রিয়া চলবে।
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে উপদেষ্টা জানান, প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক আনসার মোতায়েন থাকবে। পাশাপাশি মণ্ডপ কমিটির পক্ষ থেকেও পালাক্রমে সদস্যরা পুলিশ পাহারার সঙ্গে যুক্ত থাকবেন—দিনে তিনজন আর রাতে চারজন।
তিনি আরও উল্লেখ করেন, এবার পূজা আয়োজক কমিটির পক্ষ থেকে কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি। গত বছর শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হয়েছিল; এবারও আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ নজরদারির অংশ হিসেবে একটি অ্যাপস চালু থাকবে, যেখানে কোনো ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হবে। মণ্ডপকেন্দ্রিক মেলায় যেন মাদকাসক্তদের আড্ডা না গড়ে ওঠে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন