দুদকের উপপরিচালক মাহবুবুল আলম সাময়িক বরখাস্ত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই প্রজ্ঞাপন ৪ সেপ্টেম্বরে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত করেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, তিনি মামলার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন, আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে কোটি টাকা গ্রহণ করেন, এবং এসেনশিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক থেকে ১০ কোটি টাকা নেওয়া হয়েছে।
এছাড়া, মাহবুবুল আলমের নামে, তার স্ত্রীর নামে এবং মায়ের নামে জমি ও বিপুল সম্পদের মালিকানা থাকায় বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে। ঢাকার গুলশান, বসুন্ধরা, জোয়ার সাহারা, ডেমরা এবং জামালপুরের সরিষাবাড়ীতে তার প্রায় ১৫০ কোটি টাকার সম্পদের তথ্য প্রাপ্ত হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, ২৭ আগস্ট অনুষ্ঠিত কমিশনের সভায় রাষ্ট্রীয় স্বার্থ এবং অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িক বরখাস্তকালে মাহবুবুল আলম দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর ৪৩(১) অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বরখাস্তকাল থেকে আদেশ কার্যকর হবে এবং তদন্তের প্রক্রিয়া চলমান থাকবে।
মতামত দিন