বান্দরবানে পুলিশ লাইনের ছাদ থেকে পড়ে কনস্টেবল নিহত।
বান্দরবানের সদর উপজেলার বালাঘাটা পুলিশ লাইনের ছাদ থেকে পড়ে কনস্টেবল রাশেদুল ইসলাম গুরুতর আহত হন এবং শেষপর্যন্ত তার মৃত্যু হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রাণ হারায়।
পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাশেদুল ইসলাম হঠাৎ করেই পুলিশ লাইনের ব্যারাকের ভবন থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুতর রক্তক্ষরণের কারণে পরে তিনি মারা যান।
রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আব্দুস ছালামের ছেলে। তিনি বান্দরবান পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আহত অবস্থায় প্রথমে তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ লাইনের হাসপাতালেও তার চিকিৎসা চলছিল। জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার রাশেদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামত দিন