জাতীয়
ছবি: সংগৃহীত

প্রশাসনকে রাজনৈতিক দলের কাছ থেকে দূরে থাকার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার।

নিজেস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রশাসনকে রাজনৈতিক দল  থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি একই সঙ্গে স্বচ্ছতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বানও জানিয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে অনুষ্ঠিত নির্বাচনবিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি প্রশাসনের প্রতি এই আহ্বান জানান। তিনি বলেন, “ধৈর্য ধরে এবং শীতল মাথায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে  সব বিষয় মোকাবিলা করতে হবে। আমাদের কাজ যত স্বচ্ছ হবে, জনগণের বিশ্বাস ততই বৃদ্ধি পাবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা চাই ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। তবে নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশীদার হলো রাজনৈতিক দল, এরপর আসে নির্বাচন কমিশন।”

গত নির্বাচনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে।”

পুলিশে বদলি ও পোস্টিং নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “এবারের ফেয়ার রিক্রুট সম্পন্ন হয়েছে এবং মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। যতদিন আমি থাকব, পোস্টিং লটারির মাধ্যমে হবে।”

এসময় তিনি গণমাধ্যমকে আরও বলেন, “সরকারের ব্যর্থতা প্রচারিত হয়, কিন্তু সফলতা তেমনভাবে তুলে ধরা হয় না।”

অপারেশন ডেভিল হান্ট সম্পর্কেও তিনি মন্তব্য করেন, “ফ্যাসিস্টদের তালিকা প্রতিটি থানায় আছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে আবার অপরাধ করছে। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”

মতামত দিন