সাম্প্রতিক অস্থিরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে সরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া কিছু ঘটনায় আইনশৃঙ্খলার পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এতদিন পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনার কারণে কিছুটা খারাপের দিকে গেছে।
রাজবাড়ীতে ঘটানো অস্থিরতা বিষয়ে তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যে পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে পুরো তথ্য পাওয়া যাবে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে কাউকে দোষী ধরে ফেলা ঠিক হবে না। কেবল সঠিক তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যদি কেউ নির্দোষ থাকে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির পরও সহিংসতা কেন ঠেকানো যায়নি, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা ব্যর্থ নই। যারা এসব ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করছি।”
নির্বাচনে জনগণের অংশগ্রহণে বাধা সৃষ্টি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “যখন মানুষ ভোটকেন্দ্রে যাবে, তখন কেউ তাদের বাধা দিতে পারবে না।”
পুলিশে বদলি ও পোস্টিং নিয়ে তিনি জানান, “এবারের ফেয়ার রিক্রুট সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। যতদিন আমি দায়িত্বে থাকব, পোস্টিং লটারির মাধ্যমে হবে।”
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও মন্তব্য করেন, “সরকারের ব্যর্থতা প্রচারিত হয়, কিন্তু সফলতা যথেষ্টভাবে তুলে ধরা হয় না।”

মতামত দিন