জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনী দায়িত্বে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে আজ।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে আজ (রোববার, ৭ সেপ্টেম্বর)। সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এর উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সূত্র জানায়, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য পুলিশ বাহিনীর বিদ্যমান ১৩০টি ছোট এবং চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে ধারাবাহিক সেশন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

ইতোমধ্যে রাজধানীর পুলিশ সদর দফতরে ১৫০ জন কর্মকর্তাকে মডিউলভিত্তিক প্রশিক্ষণ দিয়ে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে প্রস্তুত করা হয়েছে। পরবর্তী ধাপে ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে ১ হাজার ২৯২ জনকে ‘ট্রেইনার  অব ট্রেইনার্স (টিওটি)’ হিসেবে তৈরি করা হবে। তারা সারা দেশে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে মাঠপর্যায়ে প্রশিক্ষণ দেবেন।

পুলিশ সদর দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশিক্ষণে বাস্তব পরিস্থিতির মতো মহড়া অন্তর্ভুক্ত থাকবে, যাতে ভোট চলাকালে সম্ভাব্য চ্যালেঞ্জ দ্রুত মোকাবিলা করা যায়। এ উদ্যোগের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আরও জোরদার হবে।

মতামত দিন