মুন্সীগঞ্জে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫।
মুন্সীগঞ্জে দেশীয় বিষযুক্ত মদপানের ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রহমতউল্লাহ বেপারী (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার সকাল ১০টায় মৃতদেহটি স্থানীয় কাঠাদিয়ায় দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর পর্যন্ত সদর উপজেলায় দুইজন ও টংগীবাড়ী উপজেলায় আরও দুইজন মারা যান।
হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)। মৃতদের মধ্যে রয়েছেন টংগীবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ইব্রাহিম মুন্সী (৭০), বাচ্চু বেপারী (৬৫), রহমতউল্লাহ বেপারী (৬৫), সদর উপজেলার ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫) এবং নুরপুকুরপাড় এলাকার আমির হোসেন (৬০)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে একসঙ্গে মদপান করার পর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
টংগীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানিয়েছেন, উপজেলায় তিনজন মারা গেছেন। মুন্সীগঞ্জ সদর থানার কর্মকর্তা এম সাইফুল আলম বলেন, সদর উপজেলার দুইজনের মৃত্যুর বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই।
মতামত দিন