আফগানিস্তানের ভূমিকম্প দুর্গতদের জন্য ত্রান পাঠিয়েছে বাংলাদেশ।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসার ঘাটতিতে মানবিক সঙ্কট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণ পাঠানো হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। পাঠানো ১১ দশমিক ২২৭ টন ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, বিস্কুট, দুধগুঁড়ো, নুডলস, কাপড় ও ওষুধপত্র। সহায়তাগুলো হস্তান্তরের পর একই দিনে বিমানটি দেশে ফিরে এসেছে।
ঢাকা থেকে উড্ডয়নের আগে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন সংবাদ ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সরকার প্রদত্ত এ মানবিক সহায়তা আফগানিস্তানের দুর্গত মানুষের কষ্ট লাঘবে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বিশ্বব্যাপী মানবিক প্রয়োজনে সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসাবে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২০৫ জন নিহত, প্রায় ৩ হাজার ৬৪০ জন আহত এবং ৮ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।
মতামত দিন