ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৪ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর ভয়াবহতায় প্রাণ হারিয়েছেন আরও দু’জন।একই সময়ে নতুন করে ৩৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে একজন ৫২ বছরের পুরুষ এবং অপরজন ৪২ বছরের নারী।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন। চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে (সিটি করপোরেশন ছাড়া) ভর্তি হয়েছেন ৭৬ জন, ঢাকা বিভাগের জেলাগুলোতে ৫০ জন, বরিশালে ৪৯ জন, খুলনায় ৩৮ জন এবং ময়মনসিংহে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৭২ জন এবং নারী ৬০ জন। এ ছাড়া এ পর্যন্ত সারাদেশে মোট ৩৩ হাজার ৮৩১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

মতামত দিন