লক্ষ্মীপুরে বাস খালে পড়ে ৫ জন নিহত।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস খালে পড়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।
নিহতদের মধ্যে রয়েছেন—চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের জয়নাল আবেদীন (৫৭) ও মোরশেদ আলম (৪০), নওগাঁ জেলার হুমায়ুন কবির, রিপন হোসেন (৩৫) এবং মাজেদ হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। দীর্ঘ প্রায় চার ঘণ্টা পানির নিচে আটকে থাকার পর উদ্ধারকর্মীরা বাসটি তুলতে সক্ষম হয়।
দুর্ঘটনার পর অন্তত এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ওসি ফয়জুল আজিম নোমান জানান, খালে ডুবে ঘটনাস্থলেই পাঁচজন মারা গেছেন। এখনো কেউ নিখোঁজ আছেন কি না তা জানতে ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

মতামত দিন