ফরিদপুরে সীমানা পরিবর্তনে সড়ক অবরোধ, স্থবির যান চলাচল।
ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সরকারি গেজেট প্রকাশের পর ক্ষোভে ফেটে পড়েছেন ভাঙ্গার মানুষ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে স্থানীয়রা গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
খুলনা-ঢাকা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুনসুরাবাদ এবং হামেরদী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধের কারণে দু’পাশে সহস্রাধিক গাড়ি আটকা পড়ে। ঘণ্টার পর ঘণ্টা যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অঞ্চলবাসীর অভিযোগ, ভাঙ্গার স্বার্থ ও ঐতিহাসিক প্রেক্ষাপট উপেক্ষা করে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়েছে। তারা দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বলেন, “আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। দাবি মানা না হলে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।”
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বিক্ষোভকারীদের দাবি জেলা প্রশাসকের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।
এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে সীমানা পরিবর্তনের গেজেট প্রকাশ করা হয়।
মতামত দিন