জাতীয়
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ঝাউবাগান থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্রসৈকতের গলফ মাঠসংলগ্ন ঝাউবাগান থেকে মোহাম্মদ আমিন নামে এক যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সৈকতের লাইফগার্ড কর্মীরা গাছে ঝুলে থাকা মরদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন।

আমিন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত জুনু মিয়ার ছেলে। পেশায় তিনি ছিলেন এনজিওকর্মী—রোহিঙ্গা শিবিরে কার্যক্রম পরিচালনাকারী ফ্রেন্ডশিপ নামের প্রতিষ্ঠানে চাকরি করতেন। পাশাপাশি তিনি স্থানীয় সংবাদপত্র প্রাণের বাংলাদেশ-এর উখিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।

তার ছোট ভাই হিরু জানান, আমিন এনজিও চাকরির পাশাপাশি নিয়মিত সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকিট এবং একটি খিলি পান পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মতামত দিন