আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫: বায়তুল মোকাররমে শুরু ১৩ সেপ্টেম্বর।
নব্বইয়ের দশকের শেষের দিকে সীমিত পরিসরে শুরু হলেও, এখন আন্তর্জাতিক ইসলামি বইমেলা দেশের সবচেয়ে বড় ইসলামি বইমেলায় পরিণত হয়েছে। এবারের আয়োজনকে ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
শিশুচত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার স্থান, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার, চা-কফি ও ফুড কর্নার এবং ইনফরমেশন সেন্টারসহ পাঠক ও দর্শনার্থীদের জন্য থাকছে নানা সুবিধা। পাশাপাশি বিশাল মঞ্চে অনুষ্ঠিত হবে লেখক-প্রকাশক-পাঠক মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
আয়োজক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের সভাকক্ষে মেলার স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠিত হবে। এবারের মেলায় স্টলগুলো বায়তুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে।
পাঠক ও প্রকাশকরা জানাচ্ছেন, এবারে পাকিস্তান, মিসর ও লেবানন থেকে চারটি স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের প্রকাশিত বই নিয়ে অংশগ্রহণ নিশ্চিত করেছে। পাশাপাশি আশা করা হচ্ছে, দেশীয় শতাধিক প্রতিষ্ঠানও নিজ নিজ বই নিয়ে মেলায় আসবে।
মেলা কমিটির সদস্য ও রুহামা পাবলিকেশনের প্রকাশক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর রাজধানীর বায়তুল মোকাররমে শুরু হবে। মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মতামত দিন