জাতীয়
ছবি: সংগৃহীত

কুড়িলে বেতন-ভাতা না পেয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর কুড়িলে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়কের উভয় লেন অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশনের পোশাক শ্রমিকরা। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তারা সড়ক অবরোধে নামলে বাড্ডা থেকে উত্তরাগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

হঠাৎ অবরোধের কারণে বিশ্বরোডসহ আশপাশের সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। গাড়িতে আটকে থাকা  অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কেউ নামতে বাধ্য হয়ে হেঁটেই রওনা হয়েছেন।

গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রায় ৫০০ শ্রমিক ইনকামিং ও আউটগোয়িং উভয় রাস্তা বন্ধ করে দেওয়ায় কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব যানবাহন আটকে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্রাফিক বিভাগ ভোগান্তি এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে—

১. খিলক্ষেত থেকে ফ্লাইওভার এড়িয়ে নিচ দিয়ে মহাখালী-বনানীর দিকে যাওয়া যাবে।
২. রামপুরা থেকে কুড়িলগামী যানবাহন বাড্ডা লিঙ্ক রোড হয়ে গুলশান-১, গুলশান-২ হয়ে উত্তরের দিকে  যেতে পারবে।
৩. রামপুরা থেকে নতুন বাজার হয়ে গুলশান-২ হয়ে উত্তরের দিকে যাওয়া যাবে। আর রামপুরাগামী যানবাহন উল্টো রুট ব্যবহার করে মহাখালী, কাকলী, আমতলী বা তেজগাঁও হয়ে গন্তব্যে পৌঁছাতে পারবে।


কুড়িলে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল    

মতামত দিন