জাতীয়
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচন স্থগিত করে যে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সব কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

বেঞ্চ একই সঙ্গে জানতে চেয়েছে, কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতি কিভাবে হচ্ছে।

এর আগে তফসিল ঘোষণা অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল ৯ সেপ্টেম্বর। নির্বাচনে এবার ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৬২ জন নারী প্রার্থী। সদস্যপদে সবচেয়ে বেশি ২১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় ১০ প্রার্থী বাদ পড়েছিলেন, যাদের আপিল হয়নি। এছাড়া ২৮ প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেন। এর ফলে চূড়ান্তভাবে ৪৭১ প্রার্থীর তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করে।

নির্বাচনের আলোচনায় এক বিশেষ রিট দায়ের করা হয়েছে। বিষয়টি হলো ইসলামী ছাত্রশিবিরের জিএস পদপ্রার্থী এম. ফরহাদ। অভিযোগ করা হয়েছে, ৫ আগস্টের আগে তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন। তারপরও কিভাবে তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হলেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

রিট দায়ের করেছেন ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম। তিনি বলেন, ফরহাদের কর্মকাণ্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী এবং তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগের কোনো প্রমাণ দেখাননি। তার কর্মকাণ্ড ডাকসুর গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও বলেন, ফরহাদের প্যানেলের কিছু পদক্ষেপ টিএসসির মূল লক্ষ্য ও উদ্দেশ্যের বিপরীত।

ফাহমিদা উল্লেখ করেন, ‘মামলা ডাকসু নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে নয়’, তবে মামলার পর বিভিন্ন বট অ্যাকাউন্ট থেকে তিনি বুলিংয়ের শিকার হচ্ছেন।

এদিকে, এম. ফরহাদ ফেসবুকে লিখেছেন, ‘আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করার জন্য রিট দায়েরকারীকে শুভেচ্ছা। দীর্ঘ সময় ধরে ছবি এডিট ও ভিডিও বানিয়ে অপপ্রচার করার চেয়ে আইনি উদ্যোগ ভালো পদক্ষেপ।’ তিনি আরও বলেন, ‘বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা অব্যাহত থাকবে।’

নির্বাচনে ছাত্রশিবির প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. নাইম হাসান হৃদয়। জিএস পদে লড়ছেন এনামুল হাসান অনয়। প্যানেল গঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এবং জাসদের ছাত্র সংগঠন সমন্বয়ে।

হাই কোর্টের নির্দেশনায় সকল নির্বাচনি কার্যক্রম এখন স্থগিত থাকবে।

মতামত দিন