নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা:প্রেস সচিবের।
শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন।
শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আহত নুরের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নুর ও তার দলের অন্যান্য আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা দায়িত্ব নিন। গুরুতর আহতদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠানো হবে।
তিনি আরও জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।
এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন নুরুল হক নুর। সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। তার নাক ফেটে গেছে। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়।
আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, লাঠির আঘাতে নুরের নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে।
মতামত দিন