নুরুল হক নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি নুরের সঙ্গে কথা বলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, আলাপের সময় নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে আগের দিনের পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে আশ্বস্ত করেন, ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের তীব্র সংঘর্ষ হয়। এ সময় মারাত্মক আহত হন নুরুল হক নুর। সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শনিবার সকালেই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, লাঠির আঘাতে নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও আইন উপদেষ্টা আসিফ নজরুল শুক্রবার রাতেই হাসপাতালে গিয়ে নুরকে দেখে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরকে রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তার সহকর্মীরা। তার মুখ থেকে বুক পর্যন্ত রক্ত ঝরছিল এবং নাক ফেটে যায় সংঘর্ষের সময়।
মতামত দিন