জাতীয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন,শিগগিরই প্রকাশ করা হবে: ইসি।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে।বুধবার (২৭ আগস্ট) এ অনুমোদন দেওয়া হয়।

শিগগিরই রোডম্যাপটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দুই-এক দিনের মধ্যে রোডম্যাপ প্রকাশ করা হবে।

এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য ইসি-তে শেষ দিনের শুনানি চলছে। সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়। আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের সংসদীয় আসন নিয়ে করা দাবি ও আপত্তি শোনা হচ্ছে। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের দাবি-আপত্তি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছিল।

৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়, আর বাগেরহাটে ৪টি আসন কমিয়ে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়।

এরপর ১০ আগস্টের মধ্যে ৮৩টি আসন নিয়ে ১,৭৬০টি দাবি-আপত্তি ইসিতে জমা পড়ে। ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হচ্ছে। শুনানি শেষে আবেদনগুলোর নিষ্পত্তি করে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকের পর ছাত্র-জনতা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে, এবং সেদিনই শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরবর্তীতে ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানো হয়, যাতে রমজান শুরু হওয়ার  আগে ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একাধিকবার জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনের সময়সীমা ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে, তাই খুব শিগ্রই নির্বাচনী রোডম্যাপ ও অ্যাকশন প্ল্যান ঘোষণা করা হবে।

মতামত দিন