রেলওয়ে জমি হস্তান্তর: মসজিদ ও মন্দির পেয়েছে প্রতীকী মূল্য।
রাজধানীর জোয়ার সাহারা মৌজায় দুটি মসজিদ ও একটি মন্দিরকে প্রতীকী মূল্যে জমি হস্তান্তর করেছে রেলওয়ে। রেলওয়ের ইতিহাসে এটি প্রথমবারের ঘটনা।
প্রতিটি উপাসনালয়কে এক হাজার ১ টাকায় বরাদ্দ দেওয়া হয়েছে, মোট ৩ হাজার ৩ টাকা। বরাদ্দ পাওয়া জমির পরিমাণে খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ ০.২০১১ একর (৮,৭৬০ বর্গফুট), আন-নূর-জামে মসজিদ ০.০৫৫২ একর (২,৪০৫ বর্গফুট) এবং খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ০.০৫৬২ একর (২,৪৫০ বর্গফুট)। সব মিলিয়ে মোট প্রায় ৩১ শতাংশ জমি হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বরাদ্দপত্র প্রদান করেন। অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। কেউ এই সম্প্রীতি বিনষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “রেলওয়ের এই উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। যারা ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয় অপবিত্র করতে চায়, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। এছাড়া হিন্দু সম্প্রদায়ের বেদখল হওয়া দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধারেও সহযোগিতা করা হবে।”

মতামত দিন