তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধে প্রকৌশল শিক্ষার্থীরা।
তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা শাহবাগ এলাকায় জড়ো হয়ে চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন।
এর আগের দিন (২৬ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন। পরে রাতের দিকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি শেষে তারা অবরোধ তুলে নেন। সেসময়ই প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু পরদিন আবার একই স্থানে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ জানান, বুধবার সকাল থেকেই শাহবাগে ফের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এতে চুয়েট, কুয়েট, রুয়েটসহ বিভিন্ন প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। কর্মসূচি শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাওয়ারও পরিকল্পনা করছেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. সহকারী প্রকৌশলী পদে (৯ম গ্রেড) প্রবেশের ক্ষেত্রে সবার জন্য নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। ন্যূনতম যোগ্যতা হবে বিএসসি ডিগ্রি। কোটার মাধ্যমে কিংবা নতুন সমমান পদ সৃষ্টি করে কাউকে পদোন্নতি দেওয়া যাবে না।
২. উপ-সহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে।
৩. প্রকৌশলী পদবির অপব্যবহার রোধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে IEB-BAETE-এর আওতায় আনতে হবে।

মতামত দিন