রাজধানীতে একক ব্যবস্থায় চলবে সব বাস: প্রেস উইং।
ঢাকার গণপরিবহনে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটাতে রাজধানীর সব বাসকে একক ব্যবস্থার অধীনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঢাকায় বহু বছর ধরে বাস পরিবহন কার্যত নিয়ন্ত্রণহীন অবস্থায় চলছে। এতে প্রতিদিন যাত্রীরা জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনোরকমে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য যাতায়াত অনেক বেশি কষ্টকর হয়ে উঠেছে।
অকার্যকর রুটে অসংখ্য বাস চলাচলের ফলে রাজধানীতে ভয়াবহ যানজট তৈরি হচ্ছে। এর ফলে প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা।
প্রেস উইং জানায়, একক ব্যবস্থায় পরিচালিত হলে নির্ধারিত রুট ও স্টপেজে বাস চলবে। এতে রুট শৃঙ্খলা ফিরবে, যাত্রীদের ভাড়ায় প্রতারণা ও ভোগান্তি কমবে এবং সার্বিক যানজট হ্রাস পাবে। একইসঙ্গে গণপরিবহন হবে আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও কার্যকর।
বিবৃতিতে আরও বলা হয়, এই ব্যবস্থায় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না কিংবা অতিরিক্ত ভাড়া দিতে হবে না। ঢাকার লাখো মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।

মতামত দিন