কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়ল ১৮০ বাংলাদেশি পুলিশ সদস্য।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ পুলিশের একটি ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উদ্দেশে ঢাকা ছেড়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮০ সদস্যের এই দলটি রওনা হয়।
এই ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ। উল্লেখযোগ্য বিষয় হলো, ১৮০ সদস্যের মধ্যে ৭০ জন নারী পুলিশ সদস্য রয়েছেন।
বিমানবন্দরে তাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশন্স) মো. রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তর জানায়, বাংলাদেশ পুলিশের এফপিইউ ২০০৫ সাল থেকে এবং নারী কন্টিনজেন্ট ২০১১ সাল থেকে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২১৫ জন সদস্য কর্মরত আছেন। এর মধ্যে ১৭৮ জন এফপিইউ সদস্য এবং ৩৭ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও)। এদের মধ্যে ৭৫ জন নারী পুলিশ কর্মকর্তা শান্তিরক্ষায় নিয়োজিত, যার মধ্যে ৬৮ জন এফপিইউ ও ৭ জন আইপিও পদে কর্মরত।
বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ শুরু হয় ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে। এ পর্যন্ত ২১ হাজার ৮১৬ জন পুলিশ সদস্য বিভিন্ন দেশে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছেন। শান্তিরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ২৪ জন বাংলাদেশি পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

মতামত দিন